হেফাজতে মৃত্যু, র্যাবের দুইরকম বক্তব্য
কুষ্টিয়ায় ‘পিস্তলসহ’ আটকের ছয় ঘণ্টার মধ্যে র্যাব হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর কিছুক্ষণ আগে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ ইকবাল হোসেন (২৫) নামে ওই যুবককে আটকের কথা বলা হলেও মৃত্যুর পর র্যাব দাবি করছে, গণপিটুনিতেই তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ দিন ধরেই র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করে আসছে দেশ ও দেশের বাইরের মানবাধিকার সংগঠনগুলো।
র্যাবের অফিসিয়াল ইমেইল ঠিকানা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই প্রতিবেদকের কাছে ইকবালকে আটকের কথা উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় র্যাব।
এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন আড়ুয়াপাড়ায় (মন্ডলপাড়া) কয়েকজন সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য গোপন বৈঠক করছে- এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ইকবালকে আটক করে র্যাব।
নিহতের বাবার নাম সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মৃত আতিয়ার রহমান। আর ওই অভিযান পরিচালনা করেন র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব।
তবে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ইকবালকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম অঞ্জন।
এর কিছুক্ষণের মধ্যেই ইকবাল মারা যান।
এ বিষয়ে ডা. অঞ্জনের কাছে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কয়েজন সদস্য মুমূর্ষু অবস্থায় ইকবালকে হাসপাতালে নিয়ে আসে। তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা ছিল নাজুক; সে অবস্থায় যতটুকু চিকিৎসা দেয়া সম্ভব সেটা দেয়া হয়েছে। তবে তাকে বাঁচানো যায়নি, কিছুক্ষণ পরই ইকবালের মৃত্যু হয়।”
যোগাযোগ করা হলে অভিযান পরিচালনাকারী ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুজিব দাবি করেন, “ইকবালকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিচ্ছিল- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ভর্তি করালে সেখানে সে মারা যায়।
