চট্টগ্রামে গাড়ির ধাক্কায় নিহত ১
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় যাত্রীবাহী গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. আক্তার হোসেন (৩০) শাহআমানত ব্রিজ এলাকার মা কলোনির (বাস্তুহারা কলোনী) বাসিন্দা।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা পৌনে বারটার দিকে নোমান কলেজের পেছনে বাস্তুহারা কলোনী এলাকায় যাত্রীবাহী গাড়ির ধাক্কায় আক্তার মারাত্মক আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক বাশার জানান, আক্তারকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এস আই আশরাফ জানান, ঘটনার পরপর গাড়ির চালক আমির হোসেনকে (২০) আটক করা হয়েছে।
