২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: আরেক প্রকৌশলী গ্রেপ্তার

সাভারের রানা প্লাজার নির্মাণে তদারকির দায়িত্বে থাকা এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার দুপুরে সাভারের শিমুলিয়া এলাকার থেকে প্রকৌশলী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।

এনিয়ে এই ভবন ধসের ঘটনায় তিন প্রকৌশলী গ্রেপ্তার হলেন। অন্য দুজন হলেন সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়া।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকৌশলী রাজ্জাক রানা প্লাজার নকশা প্রণয়নসহ নির্মাণ কাজ তদারকির দায়িত্বে ছিলেন।

“এমনকি নয় তলা এ ভবনটি ধসে পড়ার আগে সেখানে ১০ তলার যে নির্মাণ কাজ চলছিলো, তাও তদারক করছিলেন রাজ্জাক,” বলেন তিনি।

রাজ্জাককে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন ধসের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা শাহীন শাহ।

গত ২৪ এপ্রিল ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান এখনো চলছে। এতে চার শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।

আগের দিন ভবনটিতে ফাটল দেখা দিলে সেখানে থাকা প্রকৌশলী রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ভবনটির নিরাপত্তার স্বার্থে বুয়েট থেকে প্রকৌশলী এনে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

জলাশয় ভরাট করে তৈরি নয়তলা রানা প্লাজার নির্মাণে ত্রুটি ছিল বলে অভিযোগ রয়েছে।

ধসের পর ভবন মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পাঁচ পোশাক কারখানার চার মালিককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন রানার বাবা এবং তার তিন সহযোগীও।