২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রকৌশলীকে নোটিস, যুবলীগ নেতাকে ধমক

নারায়ণগঞ্জে একটি সড়ক মেরামতের কাজে অগ্রগতি না দেখে দুই প্রকৌশলীকে অবহেলার কারণ দর্শানোর নোটিস দিতে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

কাজে গাফিলতির ওই কাজের ঠিকাদার যুবলীগ নেতাকে ধমকও দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা-মুড়াপাড়া সড়কের মেরামত কাজ পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী।

৪৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি মেরামতের জন্য এক সমাস আগে কার্যাদেশ দেয়া হলেও অগ্রগতি না থাকায় তিনি সবার সামনেই অসন্তোষ প্রকাশ করেন।

কর্তব্যে অবহেলার কারণ দর্শাতে সড়ক ও জনপথ অধিপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিস দিতে প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্করকে নির্দেশ দেন মন্ত্রী।

দুই প্রকৌশলী হলেন- নিবার্হী প্রকৌশলী হাবিবুর রহমান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হামিদ। 

মন্ত্রী জানান, বর্ষার আগেই দেশের সড়কগুলোর সংস্কার কাজ শেষ করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সব প্রকৌশলীদের নির্দেশ দেয়া হয়েছে।

যুক্তিযুক্ত কারণ ছাড়া কাজের মান খারাপ, বিলম্ব বা বিঘ্নিত করার চেষ্টা করলে সেই ঠিকারদারকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী আরো জানান, শীতলক্ষ্যা সেতু নির্মাণে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে কিছু জটিলতা ছিল সেগুলোর অবসান হয়েছে। শীতলক্ষ্যা সেতু নির্মাণে শিগগিরই ঋণ চুক্তি হবে।

সাভারে ভবন ধসের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “কিছু লোক অতিরিক্ত লোভ ও লিপ্সার বশে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

সাভারে কথিত যুবলীগ নেতা সোহেল রানার নয়তলা ভবন ধসে চার শতাধিক মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই পোশাক শ্রমিক।

কাদের বলেন, “সাভারে এক রানা নয়, বাংলাদেশে আরো অনেক রানা রয়েছে। তারা সাভারসহ বিভিন্ন জায়গায় মরণ ফাঁদ তৈরি করে রেখেছে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।”