২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন পরিচয় মেলালো সুলতানার

পরিচয়হীন হিসেবে দাফনের আগেই ওড়নায় পেচানো মোবাইল ফোনের কল্যাণে স্বজন মিললো ধসে পড়া রানা প্লাজার গার্মেন্টকর্মী সুলতানার (২২)। তা না হলে তার শেষ ঠিকানা হতো জুরাইন কবরস্থান, শেষ পরিচয় নির্ধারিত হতো শুধু একটি সংখ্যায়।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 04:05 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

ঢাকা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর জানান, মিটফোর্ড হাসপাতালের মর্গে ‘অসনাক্ত’ ১৫টি লাশ ছিল। বুধবার আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে তাদের হস্তান্তর করে জুরাইন কবরস্থানে নিয়ে সমাহিত করার প্রক্রিয়া চলছিল।

এ সময় নিহত এক মেয়েকে কাফন পরাতে গিয়ে তার ওড়নায় পেচানো একটি মোবাইল ফোন পাওয়া যায়। এরপর স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় জানে জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অভিভাবকরা নিশ্চিত করে বলেন, মোবাইলটি নিখোঁজ স্বজন সুলতানার(২২), যিনি ধসে পড়া রানা প্লাজার একটি গার্মেন্টসে কাজ করতেন।

তাদের কাছেই সুলতানাকে হস্তান্তর করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর।

তাই এখন অজ্ঞাতপরিচয় হিসেবে নয়, নিজস্ব পরিচয়ে সুলতানা এখন সমাহিত হতে পারছে বলে জানান তিনি।

সাভারে ভবন ধসে নিহত ৩২ জনের লাশ বুধবার দাফন করা হলো জুরাইন কবরস্থানে। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই ৩২ জনের প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে একটি নির্দিষ্ট ক্রমিকে তা সংরক্ষণ করছে। ওই ক্রমিক নম্বরের ভিত্তিতেই জুরাইনে তাদের দাফন করা হয়েছে। 

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় নিহতের সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বৃহস্পতিবার সেখানে চলছে নবম দিনের উদ্ধার অভিযান।