বঙ্গবন্ধু সেতুতে ট্রাকচালকদের বিক্ষোভ
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ওজন স্কেলে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এনে শতাধিক ট্রাকচালক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠানের ওজন স্কেলম্যান, অপারেটর ও ট্রাফিক বিভাগের লোকজনের বিরুদ্ধে বুধবার সকাল ৮টা থেকে টানা ৩ ঘণ্টা চালকরা বিক্ষোভ করেন।
চালকদের অভিযোগ, যানবাহন পরিমাপে ওজন স্কেলের লোকজন অতিমাত্রায় কড়াকড়ি আরোপ করায় সেতু এলাকায় ঘন ঘন যানজট হচ্ছে। চালকদের কাছ থেকে ওজন মাপার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ায় অভিযোগও করেন চালকরা।
পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে হয়রানি বন্ধের আশ্বাস দিলে সাড়ে ১১টার দিকে চালকরা অবরোধ তুলে নেন।
প্রকৌশলী মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী অতিরিক্ত ওজনের একটি তরমুজ বহনকারী ট্রাক থেকে ঘুষ নেয়ার অভিযোগে ৩০ এপ্রিল সেতুর সিগন্যালম্যান আব্দুল খালেক ও স্কেল অপারেটর ইলিয়াস হোসেন ও খাদেম আলীকে চাকরিচ্যুত করা হয়েছে।
