২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিবেদনে উঠে এল রামুর সহিংসতা

বাংলাদেশে গত বছরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে বলে মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 05:57 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

তবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করা হয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার উপর যুক্তরাষ্ট্রের এই বার্ষিক প্রতিবেদনে।

ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এর ২০১৩ সালের প্রতিবেদনে গত বছরের বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উঠে আসে।

২০১২ সালের প্রতিবেদনে বাংলাদেশে আগের বছর ধর্মীয় স্বাধীনতা হরণের কোনো খবর পাওয়া যায়নি বলা হলেও কক্সবাজারে রামুতে গত বছরের সেপ্টেম্বরের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উঠে আসে ২০১৩ সালের প্রতিবেদনের বাংলাদেশ অংশে।

২০১২ সালের সেপ্টেম্বরে রামুতে এবং এ বছরের ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা সহিংসতার লক্ষ্য হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, মিথ্যা অভিযোগের ভিত্তিতে ২০১২ সালের সেপ্টেম্বরে কক্সবাজারের রামুতে বৌদ্ধদের ১২টি মন্দির ও প্রায় ৫০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার অর্থ ও নিমার্ণ সামগ্রী দিয়ে সহায়তা দিয়েছেন।

এ ঘটনায় ১৯টি ফৌজদারী মামলায় ৪৫০ জনের বেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তাণ্ডব চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। এছাড়া উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা।  

প্রতিবেদনের বিবেচ্য সময়ের পর ফেব্রুয়ারিতে ঢাকায় আহমেদিয়াদের বার্ষিক সম্মেলনস্থলে প্রায় ২০ হাজার ইসলামি মৌলবাদী হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়।

আর যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশব্যাপী হিন্দুদের মন্দির, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও এ প্রতিবেদনের বিবেচ্য সময়ের পরে ঘটে বলে উল্লেখ করা হয়। এ হামলা শুরু হওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নিতে সরকার দেরি করেছে বলে উল্লেখ করা হয়।

রায়ের পর দেশব্যাপী সহিংসতায় ৮০ জনের বেশি নিহত হয় উল্লেখ করে ইউএসসিআইআরএফ জানিয়েছে, তারা এ পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করে যাবে।

গত বছরে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের বাস্তবায়নের বিষয়টি। এ আইরের মাধ্যমে হিন্দুদের সম্পত্তি ফিরিয়ে দেয়া বা ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়ায় সব জেলায় অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, পাবত্য শান্তি চুক্তি অনুযায়ী সরকার ভূমি কমিশন প্রতিষ্ঠা করেছে এবং উদ্বাস্তুদের পুনর্বাসনে টাস্কফোর্স গঠন করেছে।

সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনশ'র বেশি আসন সংরক্ষণ করেছে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিয়োগে জোর দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।