২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালের হুমকি ইসলামিক ফ্রন্টের

জমিয়তুল ফালাহ মসজিদের ইমামের ওপর ‘হামলাকারী’ হেফাজকর্মীদের এবং কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শনিবারের মধ্যে গ্রেপ্তার না করলে রোববার চট্টগ্রামে আধাবেলা হরতাল করবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুন্নি সম্প্রদায়ভিত্তিক এই দলটি হরতালের এ হুমকি দেয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাস্তিক ব্লগারসহ বিভিন্ন স্থানে সুন্নীদের ওপর হামলাকারী হেফাজতকর্মীদের শনিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে রোববার চট্টগ্রামে আধাবেলা হরতাল হবে।”

সংবাদ সম্মেলন থেকে ইসলামের বিরুদ্ধে ‘কুৎসা রটনাকারীদের’ সর্বোচ্চ শাস্তি, হরতালের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করা, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নির্ধারণ, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করাসহ একুশ দফা দাবিতে শুক্রবার চট্টগ্রামের লালদীঘি মাঠে ইসলামিক ফ্রন্টের জনসভা সফল করারও আহবান জানানো হয়।  

লিখিত বক্তব্যে শুক্কুর বলেন, “জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একুশ দফা দাবির যৌক্তিকতা উপলব্ধি করে সংগঠনের নেতাকর্মী ছাড়াও নবীপ্রেমিক ও দেশপ্রেমিকসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেবে বলে আমরা আশা করছি।”

তিনি বলেন, “একদিকে ইসলামের কুৎসা রটনা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, আবার অপর একটি গোষ্ঠী ইসলামের হেফাজতের নামে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের রক্ষার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে।”

হেফাজত ‘মুখে ইসলামের হেফাজতের কথা বলে’ আর মসজিদে ‘তাণ্ডব’ চালায় বলে অভিযোগ করেন তিনি।

গত ২৬ এপ্রিল জমিয়তুল ফালা মসজিদের সামনে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে হেফাজতকর্মীদের হামলার শিকার হন খতিব ও জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী।

ওইদিন সন্ধ্যায় হাটহাজারীতে হেফাজতকর্মীরা শেরে বাংলা শাহ মাজারে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে সাইফুল ইসলাম (২২) নামে একজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদের মধ্যে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এসএম ফরিদ উদ্দিন ও আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।