২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা খুন: ৪ শিবির কর্মীর যাবজ্জীবন

ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় চার শিবির কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারেক আহমদ এ রায় দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে চার আসামিকে যাবজ্জীবন দণ্ড ও প্রত্যেককে  ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শিবির ক্যাডাররা হলেন- মো. হামিদ, রহমত উল্লাহ, সুজন ও মুজাহিদুল ইসলাম। চারজনই বর্তমানে পলাতক আছেন।    

২০০০ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করে প্রতিহতের ঘোষণা দেয়।

নির্বাচনের ভোটগ্রহণের দিন বাকলিয়া এলাকায় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহেদা কাসেম সাথীর বাসার সামনে বাকলিয়া ছাত্রলীগ নেতা শফিউল ইসলামকে গুলি করে জামায়াত-শিবিরের সমর্থকরা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিবির কর্মীদের বের করে দিলে অপর ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামকে একই বছরের ১৫ জানুয়ারি গুলি করে। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি আরিফের মৃত্যু হয়।

ওই ঘটনায় আরিফের বাবা সিরাজুল ইসলাম বাদি হয়ে আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০০৯ সালের ৪ অগাস্ট আট জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১১ সালের ১৭ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।

পিপি আইয়ুব খান জানান, ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় দেয়।