গাজীপুরে ঝড়ে দেয়াল ধসে আহত ৫
গাজীপুরে কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শিববাড়ি মোড় এলাকায় নির্মাণাধীন ছয় তলা ভবনের পাশের দেয়াল পিলারসহ ভেঙ্গে একটি যাত্রীবাহি বাস ও রিকশাভ্যানের উপর পড়ে গেলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বাসচালক কাপাসিয়া তরগাও এলাকার বাসিন্দা সজিব (৪৫), চালকের সহযোগি আবুল কাশেম (৩৫) এবং রিকশাচালক সামসুল হককে (৫৫) গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঝড় শুরু হলে একটি বাস ও তিনটি রিকশাভ্যান সেখানে আশ্রয় নিয়েছিল।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
