ফরিদপুরে সেবা ইনস্টিটিউটের ছাত্রীনিবাসে ফাটল
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় সেবা ইনস্টিটিউটের তিনতলা ছাত্রীনিবাসের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে দুই শতাধিক সেবিকা তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন।
সেবিকারা জানান, প্রতিবছরই ভবনটিতে এ ধরনের ফাটল বৃদ্ধি পাচ্ছে। ফলে তারা সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
সম্প্রতি ভবনটিতে আরেক দফা ফাটল দেখা দেয়ায় ইনস্টিটিউটের সেবিকারা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন।
ওই কার্যালয়সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় এক একর ১৩ শতাংশ জমির উপর স্থাপিত হয় এই সেবা ইনস্টিটিউট। একসাথে এই ছাত্রীনিবাসে দুইশ’ সেবিকা প্রশিক্ষণ গ্রহণ ও বাস করতে পারেন।
এ ভবনটির বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হওয়ায় এর ডিজাইনের ক্রটি ও ঠিকাদারের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
সেবিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইনচার্জ য়ইনু মারমা জানান, দুই বছর আগে ভবনে ফাটল দেখা দিলে বিষয়টি তিনি গণপূর্ত অধিপ্তরকে জানান। ওই সময় তারা ভবনের ফাটলগুলোতে সামান্য প্লাষ্টার করে সমস্যা সমাধানের চেষ্টা করে।
এই কর্মকর্তা আরো বলেণ, কিছুদিন পর ওইস্থানে ফের ফাটলের সৃষ্টি হয় এবং এখন অারো অনেক স্থানে ফাটল দেখা দিচ্ছে।
ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী শওকত আলী এ বিষয়ে বলেন, সেবিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রীনিবাস ভবনে ফাটলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । শিগগিরই ভবনের ফাটল মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
সাভারের রানা প্লাজার মতো ভয়াবহ কোন দুর্ঘটনা ঘটার আগেই ওইসব ফাটল বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ছাত্রীনিবাসের সেবিকারা।
