হরতাল প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর
‘মানবিক কারণে’ ২ মের হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে সাভারে ধসে পড়া ভবনের উদ্ধার কাজ পরিদর্শন এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। যখন এদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চলছে, তখনই হরতাল দিল।
“আমি তাদের বলব, হরতাল যেন মানবিক কারণে প্রত্যাহার করে নেয়। এই হরতালের পেছনে যে টাকা খরচ করবে, সেটা যেন এখানে খরচ করে।”
বুধবার সাভার বাস স্ট্যান্ড এলাকার রানা প্লাজা ধসে পড়ার পর নিহতের সংখ্যা পৌনে চারশ ছাড়িয়ে গেছে।
ওই ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানাসহ ভবনে থাকা পোশাক কারখানাগুলোর মালিকদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বাম দলগুলো একই দিনে হরতাল ডাকলেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পরে তা স্থগিত করে।
ভবন ধসে হতাহতের এই ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এরপরও “হরতাল কিসের জন্য, কাকে সাহায্য করতে”, সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা।
বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ভবন ধসের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
রানা প্লাজার মতো ঘটনা যেন আর না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, “আইন ও প্রস্তুতি সবই আছে। দুর্ঘটনা কেন ঘটল?”
রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ার পরও কেনো তৈরি পোশাক কারখানায় কর্মী পাঠানো হলো সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, “এটা অত্যন্ত গর্হিত কাজ।”
প্রধানমন্ত্রী বলেন, “জেনারেটর চালু করার পর ভাইব্রেশনে রানা প্লাজা ধসে পড়ে।”
ওই ঘটনায় দায়ী কাউকে ছাড় দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ধসের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ফাটল ধরার খবরে ওই ভবন থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়। তবে মূল্যবান জিনিসপত্র আনতে সকালে কিছু লোক সেখানে যায়।
তিনি বলেন, সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা যদি পালিয়ে ভারতেও চলে যেতেন, তাহলে সেখান থেকেই তাকে ‘ধরে আনা’ হতো।
রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে রোববার ভারত সীমান্তের কাছে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।
পরে র্যাবের এক সংবাদ সম্মেলনে রানার উপস্থিতিতে বলা হয়, সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় মূলত রানাই দায়ী। আগের দিন ফাটল ধরার পরও তিনি ভবন খুলে দেন এবং ওই ভবনে থাকা পাঁচ কারখানার শ্রমিকদের কাজ করতে বাধ্য করেন।
অবশ্য রানার দাবি, কারখানা মালিকদের ‘চাপেই’ তিনি ফাটল ধরা ভবনে কাজ চালাতে দিয়েছিলেন।
রানা ছাড়াও ওই ভবনে থাকা পাঁচ কারখানার চার মালিক গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “গার্মেন্ট নেতৃবৃন্দ আমার সঙ্গে দেখা করেছিল। আমি তাদের বলেছিলাম, আমি এই মালিকদের ধরব।”
সাভার এবং এর আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হলেই প্রতিটি দালানের কাঠামো এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যথাযথভাবে বিল্ডিং কোড মেনে যেন দালান তৈরি করা হয়।”
ভবন ধসে আহতদের দেখতে সকাল ৯টার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত ২১৪ জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে।
শেখ হাসিনা হাসপাতালের বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। আহতদের প্রত্যেককে তিনি ১০ হাজার টাকা করে দেন এবং চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান।
রানা প্লাজা ধসে আহত ও নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও তিন বাহিনীর প্রধানরা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
হাসপাতাল থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যান প্রধানমন্ত্রী, যেখানে রানা প্লাজার ধ্বংসস্তূপে ষষ্ঠ দিনের উদ্ধার অভিযান চলছে।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা সেনা ও ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
ভবনের ধ্বংসস্তূপের সামনে সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের কাছ থেকে উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিত সম্পর্কে খোঁজ খবর নেন এবং উদ্ধার অভিযানের বিভিন্ন সময়ে তোলা আলোকচিত্র দেখেন।
তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেন। এর আগে নিহতদের লাশ পরিবহনের জন্য ২০ হাজার করে এবং আহত প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
তিনি বলেন, রানা প্লাজা ধসে যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে এক হাজার শ্রমিককে কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চামড়া শিল্পের কারখানা মালিকরা।
“একজনও চাকরিহারা হবে না। গার্মেন্ট মালিকরা আমাকে বলেছে, এই শ্রমিকদের তাদের কারখানায় ভাগ করে কাজ দেবে।”
ভবন ধসে যারা পঙ্গু হয়েছেন, সরকারের পক্ষ থেকে তাদের কৃত্রিম হাত-পা সংযোহনের ব্যবস্থা করা হবে। এছাড়া পারিবারিক সঞ্চয়প্রত্রের মাধ্যমে তাদের সহায়তা দেয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান।
তিনি জানান, সোমবার সকাল পর্যন্ত ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে দুই হাজার ৮১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছেন ৩৮১ জন।
“যে যেখানে ছিল- সবাইকে কাজে লাগানো হয়। কেউ এক সেকেন্ড সময়ও নষ্ট করেনি। এতো বড় ভবন ধ্বংস হলো, এতো লোক উদ্ধার পৃথিবীর ইতিহাসে নেই।”
যারা ভবন ধসের পর সর্বাত্মক সহযোগিতা দিয়ে গেছেন- তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
“অনেকেই সাহায্য পাঠিয়েছে। সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এটা অভূতপূর্ব ঘটনা। বাঙালি বলেই সম্ভব হয়েছে।”
প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সকাল থেকেই রানা প্লাজার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। র্যাবের ডগ স্কোয়াড দিয়েও এলাকাটি তল্লাশি চালানো হয়।
তিনি সাভার থেকে ফেরার পথে কিছু স্বজন রাস্তার একপাশে লাশের দাবিতে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। তবে পুলিশ তাদের ঘিরে রাখে।
