২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ উপনির্বাচনঃ ৫ জনের মনোনয়নপত্র বাতিল

নওগাঁ-৫ আসনের উপনির্বাচনে ৬ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

মনোনয়নপত্র বাছাই শেষে রোববার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এ কথা জানান।

তিনি জানান, এখন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত ও দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক উপনির্বাচনে একমাত্র প্রার্থী।

তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি মনোনীত ও দলের জেলা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী, আব্দুস সাত্তার টিকাদার, প্রকৌশলী আব্দুল বারী ও বিএনপি’র নেতা কাউন্সিলর মো. ফারুকুজ্জামান ফারুক।

নর্বিাচন কমিশন কর্মকর্তা জানান, ৪ জন স্বতন্ত্র প্রার্থী নিয়মানুযায়ী তাদের সংসদীয় এলাকার মোট ভোটার সংখ্যার ১ শতাংশের যে সমর্থন দেখিয়েছেন, তাতে গড়মিল পাওয়া গেছে। এজন্য তাদের মনোনয়নপত্র বাতিল করা  হয়েছে।

তিনি আরো জানান, দলের মনোনয়নপত্রের মূল কপি সংযুক্ত না করায় জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আগামী ৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুতে শূণ্য হওয়া এ সংসদীয় আসনে আগামী ২৫ মে ভোট গ্রহণ হবে।