ঝড়ে ৫ জনের মৃত্যু
টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে টাঙ্গাইলের সদর উপজেলায় দুই শিশু, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূ এবং এক গাইবান্ধার সাদুল্লাপুরে এক দোকানির মৃত্যু হয়েছে।
এরা হলেন- টাঙ্গাইলের যমুনা তীরবর্তী চরাঞ্চল কাকুয়া ইউনিয়নের রাঙ্গাচিড়া গ্রামের কাবেল উদ্দিন শেখের ছেলে হাসান আলী (৭) ও ওই গ্রামের আমিরুল ইসলামের মেয়ে মোর্শেদা (১০), গাইবান্ধার সাদুল্লাপুরে ঝড়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের দনাসোলা গ্রামের আব্দুস সালামের ছেলে হেলাল মিয়া(২৫), গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবড়ী ইউনিয়নের যাদুগড়া গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৩৫) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই গ্রামের মিঠু সোনাউল্লার স্ত্রী রাবেয়া বেগম।
বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল
কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান ফারুকের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে ঝড়ে চরপৌলি, কাকুয়া, তালগাছি, কালিকেউটিল, ঝাউগড়া, গোপালকেউটিল, রাঙ্গাচিড়া গ্রামের বিপুল সংখ্যক ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়েছে।
এ সময় হাসান ও মোর্শেদা ঘরচাপা পরে মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা খাতুন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নিহতদের দাফনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সাহায্য দেন।
সিরাজগঞ্জ
শনিবার গভীর রাতে সদর উপজেলার বাঐতারা, বনবাড়িয়া, চন্ডিদাসগাতি, সয়াধানগড়া, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রাম এবং কামারখন্দ উপজেলার জামতৈল, বড়ধুল, জয়েন বড়ধূল, খামার বড়ধুলসহ অন্তত ৩০টি গ্রামের উপর দিয়ে কালবৈশাখি ঝড় বয়ে যায়।
এতে কয়েকশ বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙ্গে পড়ায় মৌসুমী ফল আম, কাঁঠাল ও লিচুর ক্ষতি হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্ উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।
ঝড়ে ঘরচাপা পড়ে রাবেয়ার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান।
সিরাজগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কৃষ্ণ কান্তি রায় জানান, ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ে যাওয়ায় শহরের ১৪টি ফিডারের মধ্যে কালিবাড়ি ও হাসপাতাল বাদে সবকটি বন্ধ রয়েছে।
রোববার দুপুরের মধ্যে অর্ধেক ফিডার চালু করা সম্ভব হয়েছে বলে জানান আবাসিক প্রকৌশলী কৃষ্ণ কান্তি।
গাইবান্ধা
সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও পলাশবাড়ি উপজেলার উপর দিয়ে শনিবার রাতে শিলা বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় কাঁচা ঘরবাড়ি, গাছাপালা, উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন জানায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর, ফরিদপুর, ধাপেরহাট, কামারপাড়া, দামোদরপুর, ভাতগ্রাম ও বনগ্রাম ইউনিয়ন, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, সোনারায়, ধোপাডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়ন, পলাশবাড়ি উপজেলার সদর ইউনিয়নের মহেশপুর, বাঁশকাটা, গৃধারীপুর, নুনিয়াগাড়ী, শ্রীপুর গ্রাম এবং গাইবান্ধা সদর উপজেলার পৌর এলাকাসহ ১৫টি ইউনিয়নের উপর দিয়ে আধাঘণ্টাব্যাপী এ ঝড় বয়ে যায়।
ঝড়ে হেলাল মিয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলার ধাপরেহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।
তিনি জানান, হেলাল মিয়া রংপুরের পীরগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাটের পীরেরহাটে বারুনির মেলায় চুরি-ফিতার দোকান নিয়ে এসেছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হোসেন শরীফ মাহমুদ গোলাপ জানান, ঝড়ের সঙ্গে বজ্রপাতে সাবিনা বেগম (৩৫) মারা যান। এ সময় তিনি উঠানে কাজ করছিলেন।
জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।
