কুমিল্লায় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
নিহত ল্যান্স নায়েক আব্দুল জব্বার (৪২) চৌদ্দগ্রামের আমানগণ্ডা বিওপিতে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার কিসমত গ্রামে।
রোববার সকাল ৯টায় চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ১০ এর উপ-অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সহকর্মী সিপাহী হাবিবকে (২৩) নিয়ে জব্বার মোটরসাইকেলে করে চোরাচালান বিরোধী টহলে বের হন।
“হাড়িসর্দার এলাকায় ইটভর্তি একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে চাপা দিলে বিজিবির দুই সদস্য আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন।”
আহত হাবিবকে ঢাকায় পাঠানো হয়েছে।
জব্বারের লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান মেজর জাহিদুল।
