নকলায় যুবক খুন
শেরপুরের নকলা উপজেলায় এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে রেহাই অষ্টাধর গ্রামে ইসহাক আলীর (২৮) লাশ পাওয়া যায়। ইসহাক নারায়ণখোলা মাদ্রাসাপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
রাত সাড়ে ৩টার দিকে সিকদার পাড়ার মারজু বেগমের ঘরের পিছনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
শনিবার সকালে নকলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের গলার রগ ফোলা এবং পিঠে আঁচড়ের দাগ রয়েছে বলে ওসি জানান।
এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
