‘১৩ দফা না মানলে সরকারকে পালাতে হবে’
আগামী ৫মে’র মধ্যে ১৩ দফা দাবি না মানলে সরকারকে ‘পালাতে’ হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে হেফাজতে ইসলাম
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় এক মহাসমাবেশে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বলা হয়, ‘দেশ আজ ধর্মপ্রাণ মুসলমান এবং নাস্তিক দু’ভাগে বিভক্ত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের পক্ষ না নিয়ে নাস্তিকদের পক্ষ নিয়েছেন। তাই এই নাস্তিক প্রধানমন্ত্রীকে উৎখাত করা হবে। এ জন্য প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত রয়েছে হেফাজতের নেতা কর্মীরা।”
নেতৃবৃন্দ আরো বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত ৬ এপ্রিল হেফাজতের মহাসমাবেশ তারা সামাল দিয়েছেন।
‘তারা সেদিন সামাল দিতে পেরেছেন কারণ, আমরা সেদিন সোজা ছিলাম। ৫মে দেখবো আপনারা কীভাবে আমাদের সামাল দেন। সেদিন যেখানেই বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’
হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাওলানা মঈনুদ্দিন রুমি, সংগঠনের ঢাকা মহানগরীর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম আহবায়ক মাওলানা রফিউর সুফি, মাওলানা শফিক উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মুফতি হাফিজুল হক, সদস্য সচিব মাওলানা আবদুল কাদির, মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।
সমাবেশে বক্তারা আরো বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মাথায় হেজাব, হাতে তসবীহ এবং বুকে কুরআন শরীফ ধারণ করেছিলেন। কিন্তু ক্ষমতায় এসে মুসলমানদের পক্ষ না নিয়ে নাস্তিকদের পক্ষাবলম্বন করেছেন। আর এখন ঠেলা সামলাতে না পেলে বলছেন মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালিত হবে। আমরা তার আর কোন কথায় আস্থা রাখতে চাই না।’
সাভারের ভবন ধসের ঘটনায় ৪ দিনেও উদ্ধার কাজ শেষ না হওয়ায় সরকারের সমালোচনা করে তারা চ্যালেঞ্জ ছোড়ে দিয়ে বলেন, হেফাজত কর্মীদের দায়িত্ব দিন, ৪ দিনে যা করতে পারেননি ২৪ ঘন্টায় তা করে দেখাবো।
মাহামুদুর রহমানের গ্রেপ্তারের সমালোচনা করে সমাবেশে সতর্ক করে দিয়ে বলা হয়, বন্দি অবস্থায় আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমানের কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে।
