‘মনে হচ্ছিল দোজখের মধ্যে আছি’
চোখের সামনে সাত-আট জনকে লাশ হতে দেখেছেন। একটা সময় নিজেও লাশ হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ষোড়শী আওশী। এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বেঁচে আছেন, নাকি সব স্বপ্ন!
সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে এমন আওশীদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। সাথী, মুক্তা, হাসি- সবাই যেন মরণের কাছেই নিজেকে সপে দিয়েছিলেন।
হাসপাতালের তথ্য কেন্দ্র বলছে, এ পর্যন্ত ৩৮২ জন রোগী সেখানে নেয়া হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ২১ জন। এখনো ভর্তি রয়েছেন ১১৮ জন, যাদের ৪৫ জনকে অস্ত্রোপচার করা হয়েছে। বাকি ২১০ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র।
হাসপাতালে শয্যায় শুয়ে বিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে সেই ৩৬ ঘণ্টার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন আওশী। বলেন, “মনে হয়েছিল দোজখের মধ্যে আছি। পুরো শরীরেই পচে যাওয়া লাশের গন্ধ। অথচ তিন দিন আগেও এই লাশগুলো আমার সহকর্মী ছিল। এক সময় বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। আল্লাহ-ই জানেন কীভাবে কেনো আমি বেঁচে গেলাম!”
মৃত্যুর কাছ থেকে ফিরে আসা সেই ভয়াবহ স্মৃতি যেন তখনো তাড়িয়ে বেড়াচ্ছিল আওশীকে।চোখ গড়িয়ে অশ্রু, সারা শরীরে ক্লান্তির ছাপ।
বললেন, “আগের দিন ভবনে ফাটল দেখা দেওয়ায় ছুটি হয়ে যায় গার্মেন্টস। পরদিন না আসারই কথা আমাদের। কিন্তু খবর দেয়া হলো আসতে হবে। কোনো অসুবিধা হবে না।”
তারা সে আশাতেই এসেছিলেন। সকালে নাস্তা না করেই এসেছিলেন জানিয়ে আওশী বর্ণনা করলেন সেই ভয়াবহ ধসের মুহূর্ত।
“ধসের আগে ভবনে আওয়াজ হয়েছিল। আমরা বেরোনোর চেষ্টা করি। মনে হলো এক সেকেন্ডের মধ্যে ধপাস করে ভবনের ছাদ ধসে পড়ল, এ সময় আমি বাথরুমে আটকা পড়ি। এক দিন এক রাত পর উদ্ধার হই সেখান থেকে।”
আওশীর বর্ণনা শুনতেই দূরে যন্ত্রণায় কতরাচ্ছিলেন রোকেয়া পারভীন। গার্মেন্টসের লাইন আউটে কাজ করেন তিনি। স্বামী-স্ত্রী একই সঙ্গে কাজ করলেও খোঁজ মেলেনি স্বামীর।
কাঁদতে কাঁদতে রোকেয়া বলেন, “১৫ মিনিট ধরে ভবন কাঁপছে। কিন্তু মালিক এত নির্মম তা তো জানা ছিল না। শিফট ম্যানেজার চাইলেও আমরা বেরোতে পারতাম। সিড়ি দিয়ে বের হওয়ার সময়ই অধিকাংশ লোক মরেছে। মালিক একটা জানোয়ারের বাচ্চা। সেই জোর করে সবাইকে ভবনে এনেছে।”
মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেই আবার কাঁদতে শুরু করলেন স্বামীর জন্য। বেঁচে আছে, নাকি মরে গেছে?
আইসিইউ শয্যায় শুয়ে আছেন ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী। সাংবাদিক এসেছে জেনেই মুখটা ঢেকে ফেললেন। নাম জানা গেল না। ভাবলেশহীন, যেন স্মৃতি হারিয়ে গেছে তাদের। নাকি দুঃসহ স্মৃতি তাদের তাড়িয়ে বেড়াচ্ছে!
দায়িত্বরত চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল হাসান মুরশেদ বললেন, “কার্যত তারা বিকারগ্রস্ত। ভয়েই তাদের এ অবস্থা। কোনো ধরনের কথা বলছেন না, তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।”
সম্মিলিত সামরিক হাসপাতালে আসা প্রায় তিনশ’র মতো রোগীর বেশিরভাগেরই শুরুতে জ্ঞান ছিল না।
আর হাসি? নিজের চোখের সামনে তিন জনকে মরতে দেখেও ভাগ্যগুণে যিনি বেঁচে গেলেন তার কথা কে বলবে! ধসের পর আটকে পড়ে নিঃশ্বাস নিতেই পারছিলেন না হাসি। উদ্ধার হয়ে খানিকটা হলেও হাসি ফুটেছে হাসির মুখে।
বললেন, “নিজের চোখের সামনে পানি চেয়ে চেয়ে তিন জনের মৃত্যু দেখেছি। আমি কীভাবে বেঁচে আছি আমার কাছেই বিস্ময়। এ যেনো দ্বিতীয় জীবন।”
আবার গার্মেন্টসে কাজ করবেন কিনা- সে প্রশ্নের উত্তর না জানা গেলেও জীবনের এই ভয়াবহতম অধ্যায়ের অভিজ্ঞতা হয়তো তাকে মুক্তি দেবে না সারাজীবন।
দৌলতপুরের ইউসুফ জীবিকার সন্ধানে গার্মেন্টসে যোগ দিয়েছিলেন। হাতে এখনো বিয়ের মেহেদি রাঙানো। এখন হাসপাতালে শুয়ে নতুন বউয়ের কাছে ফিরে যাওয়ার দিন গুণছেন।
এ তো গেল বেঁচে যাওয়া আহতদের খণ্ডচিত্র। যারা নাওয়া-খাওয়া ভুলে এমন অর্ধমৃত মানুষগুলোকে বাঁচিয়ে তোলার সংগ্রাম করছেন, তাদের কথা কে বলবে?
ডা. মুরশেদ ও মল্লিক তাদেরই দুই জন। বললেন, এটা তাদের সৌভাগ্য। আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার যে শপথে চিকিৎসা পেশায় এসেছিলেন তা যেন চালিয়ে যেতে পারেন সে ইচ্ছাটাই ব্যক্ত করলেন তারা।
একই সঙ্গে বললেন, “এখনই আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা নিতে হবে। ঢাকা শহরের একটি ভবন ধসে গিয়ে হতাহতের চিকিৎসা করতে গিয়ে আমাদের যে অবস্থা হচ্ছে, আগামীতে আরো বড় দুর্যোগে কী করতে হবে- তা এখনই পরিকল্পনা নিতে হবে।”
