সাভারে বিক্ষোভ-সংঘর্ষ
রানা প্লাজায় উদ্ধার অভিযানের মধ্যে ভবন ধসের জন্য দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রানা প্লাজার প্রায় এক কিলোমিটার দূরে উলাইল এবং দুই কিলোমিটার দূরে ফুলবাড়ীয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার সকালে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
ফুলবাড়িয়ায় শ্রমিকদের ছোড়া ঢিলে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান আহত হয়েছেন বলে জানান সাভার থানার এএসআই শফিকুল ইসলাম।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিউদৌলাহ রেজা জানান, সাড়ে ৯টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় অবস্থান নেয় পোশাক শ্রমিকরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
“এ সময় পুলিশ লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড ফাঁকা রবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।”
সোয়া ৯টার দিকে উলাইল বাসস্ট্যান্ডের কাছে পোশাক শ্রমিকরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করে। তারা ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছিল বলে স্থানীয়রা জানায়।
সাভার মডেল থানার এএসআই তাহমিনা বেগম বলেন, “পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা ইট ছুড়তে থাকে। পুলিশ পাল্টা রবার বুলেট ও জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”
শ্রমিকদের বিক্ষোভের কারণ জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোশাক শ্রমিকরা কেন বিক্ষোভ করছে তা আমরা বুঝতে পারছি না।
“সম্ভবত সাভার ট্রাজেডি নিয়ে রাজনৈতিকভাবে কেউ তাদের ইন্ধন যোগাচ্ছে। আমরা কারণ জানার চেষ্টা করছি।”
সাভারে ভবন ধসে নিহত তিন শতাধিক মানুষের প্রায় সবাই পোশাক শ্রমিক। নয় তলা ওই ভবনে পাঁচটি কারখানা ছিল।
ওই কারখানাগুলোর শ্রমিকদের অভিযোগ, ভবনে ফাটল দেখা দেয়ার পরও গত ২৪ এপ্রিল সকালে তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়।
বিপুল প্রাণহানির জন্য দায়ীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা শুক্রবারও ঢাকা, গাজীপুরে সড়কে নেমে ভাংচুর চালায়। শনিবার চট্টগ্রামেও বিক্ষোভ হয়েছে।
এদিকে শুক্রবার বিক্ষোভের পর শনি ও রোববার দেশের সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
