আহতদের বাঁচাতে রাবি শিক্ষার্থীদের রক্তদান
সাভারে বহুতল ভবন ধসে আহতদের বাঁচাতে ৬২ ব্যাগ রক্ত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে এই রক্ত সংগ্রহ করা হয়।
শুক্রবার রাতে সংগ্রহ করা এই রক্ত রাসিক মেয়র এএইচএম খায়েরুজ্জামান লিটনের হাতে তুলে দেন ছাত্রলীগ নেতারা। রাতেই তা ঢাকা পাঠানো হবে।
সংগঠনের সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আবুল লতিফ হল, শাহ মখদুম হল ও আমীর আলী হলের সামনে তাদের রক্তদান কর্মসূচি চলে।
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।
সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।
