সাভার ট্র্যাজেডি: গাইবান্ধায় পৌঁছেছে আরো ২ লাশ
সাভারে বহুতল ভবন ধসে নিহত আরো দুই পোশাক শ্রমিকের লাশ শুক্রবার গাইবান্ধায় পৌঁছেছে।
এ ঘটনায় শুক্রবার পর্যন্ত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (মোল্লারপাড়া) গ্রামের আবদুর রশিদের স্ত্রী শেফালি বেগম (৩৩) ও বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের প্রমোদ বর্মণের মেয়ে শান্তি রাণী বর্মণসহ (১৮) মোট ১৩ জন লাশ হয়ে ফিরেছেন।
গাইবান্ধার জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক বলেন, নিহত ১৩ জন ছাড়াও আহত হয়ে ফিরেছেন অর্ধশতাধিক। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার গাইবান্ধায় ১১ পোশাক শ্রমিকের লাশ দাফন করা হয়েছে। নিহতরা হলেন, সাদুল্লাপুরের পূর্ব দামোদরপুর গ্রামের শাহজালাল মিয়ার মেয়ে রেবা খাতুন (১৫), জামুডাঙ্গা গ্রামের হজরত আলীর মেয়ে হাসিনা বেগম (১৮), উত্তর হাটবামুনী গ্রামের আ: কুদ্দুস মন্ডলের ছেলে জামরুল মন্ডল (২০), গাইবান্ধা সদরের রামনাথের ভিটা গ্রামের সোনা মিয়ার ছেলে মিন্টু মিয়া (১৯), ধানগড়া এলাকার জনি মিয়ার স্ত্রী সাজেদা বেগম (২৮), শাপলা মিল এলাকার মতিয়ার রহমানের স্ত্রী দুলালী বেগম (৩০), আনালের তাড়ি এলাকার মিলন চন্দ্র রায়ের স্ত্রী বিউটি রাণী (২২), সুন্দরগঞ্জ উপজেলা সদরের মোনতাজের স্ত্রী জুলেখা বেগম (৩৫), সাঘাটার মেছট চরপাড়া গ্রামের মিজারুল মিয়ার স্ত্রী মনি বেগম (২৪), ধনারুহা মুক্তিনগর গ্রামের আ: হালিম মিয়ার মেয়ে সাহেরা খাতুন (১৭) ও বাজিত নগরের হাবিজার মিয়ার ছেলে শিপন রাশেদ (২৫)।
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।
সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।
আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
