‘আমার মুক্তির কথা পত্রিকায় দিয়ে দেন’
সাভারে বহুতল ভবন ধসে আটকে পড়ার দুই দিন পর জীবিত উদ্ধার হওয়া এক নারী এই আকুতি জানান।
টানা ১৭ ঘণ্টা ধরে চেষ্টা করার পর শুক্রবার দুপুরে উদ্ধারকর্মীরা তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনলে কোনো স্বজনের দেখা না পেয়ে পোশাক শ্রমিক সবিতা (৪৫) বলেন, “পত্রিকায় আমার মুক্তির কথা দেখলে আমার স্বামী-সন্তান আমাকে দেখতে আসবে।”
সবিতার বাড়ি রাজশাহী জেলার মতিহার থানার বাদুর তলা (তালাইমারি) গ্রাম। স্বামী শহিদুল ইসলাম দিনমজুরের কাজ করেন। তাদের এক ছেলে হাসান ও এক মেয়ে কবিতা রয়েছে।
ভবনের ধ্বংসস্তূপ থেকে সবিতার সঙ্গে একটি কারখানার প্যাকিং ম্যান পিন্টু সাহাকেও (৩৩) বের করে আনেন করেন উদ্ধারকর্মী আবু বকর সিদ্দিক।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা বলেন, একটু পানির জন্য হাহাকার করছেন আটকে পড়া শ্রমিকরা।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলার বাসিন্দা কবিতা ধ্বংসস্তূপের বর্ণনা দিতে গিয়ে বলেন, “আমি নড়াচড়া করতে পারছিলাম না। আমার ডান পাশে এক পুরুষের ওপর ভারী মেশিন পড়ে চ্যাপ্টা হয়ে মারা যান তিনি।
“রক্ত গড়িয়ে আমার পিঠ ভিজে ওঠে। পানি মনে করে মুখে দিতেই রক্তের গন্ধ পাই। পরে হাত দিয়ে আমার ব্যাগের পানির বোতল বের করি। অর্ধেক বোতল পানি ছিল।”
‘ওই পানি মুখে দিতে গেলেই ডান পাশে চাপা পড়া আরেক ব্যক্তি হাত বাড়িয়ে কেড়ে নিতে চায়। না দিলে খামচে জামা-কাপড় ছিড়ে ফেলে। হাতের চামড়া তুলে রক্তাক্ত করে ফেলে।”
ওই মানুষটিকে ধ্বংসস্তূপে চাপা পড়া অবস্থায় দেখে এসেছেন কবিতা।
বুধবার রাত আড়াইটার দিকে জীবিত উদ্ধার করা হয় পোশাক শ্রমিক তাসলিমা খাতুন (২০) ও সখিনা বেগমকে (২৫)।
মাথায় আঘাত পেয়ে তারা এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।
সখিনার স্বামী মালেক বলেন, “উদ্ধার হওয়ার পর থেকেই আমার স্ত্রী কথা বলতে পারছেন না। ইশারার মাধ্যমে যন্ত্রণা বোঝানোর চেষ্টা করছেন।”
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।
সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।
আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
