গুলশানে ভাংচুর, গাড়ির ধাক্কায় আহত ৫
রাজধানীর গুলশানে গামেন্ট শ্রমিকদের মিছিল থেকে গাড়ি ভাংচুরের সময় প্রাইভেটকারের ধাক্কায় চার পোশাক শ্রমিক ও পুলিশের এক উপপরিদর্শক আহত হয়েছেন।
আহতরা হলেন, মো. সুমন (১৮), রুবেল (২৬), সাইদুল ইসলাম (২২) ও রুবেল ১৬)। তারা ওই এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।
আহত সুমন ঢাকা মেডিকেল হাসপাতালে সাংবাদিকদের বলেন, সাভারের 'হত্যাকাণ্ডের' ঘটনায় মালিককে গ্রেপ্তারের দাবিতে তারা মিছিল করে বিজিএমইএ ভবন ঘেরাও করতে এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা একটি প্রাইভেটকারের সামনে পড়ে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মিছিল বের করে গাড়ি ভাংচুর করছিল। এ সময় একটি প্রাইভেটকার ভাঙ্গার সময় গাড়ির চালক শ্রমিকদের উপর দিয়ে গাড়ি চালিযে দিলে চার শ্রমিক আহত হন।
এ ঘটনা দেখে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের গাড়িটি আটক করতে গেলে তিনিও গাড়ির ধাক্কা খান। এতে আবু তাহেরের বাম পা ভেঙ্গে যায় জানান ওসি।
তিনি বলেন, আবু তাহেরকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত চার শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা মারাত্বক নয় বলে জানান ঢাকা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান।
