পুঠিয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জুয়া খেলায় বাধা দেয়ায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কিসমত জামিরা গ্রামে জুয়াড়িরা ইব্রাহীম হোসেনকে (২২) কোপায় বুলে পুলিশ জানিয়েছে।
ইব্রাহীম বানেশ্বর ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।
এ সময় ওই শিক্ষার্থীর সহযোগী শিমুল (২২), আনারুল (২৫), নাসিম (১৮) ও বিজয়কেও (১৮) আহত করা হয়। শিমুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাত ন’টার দিকে এলকাবাসী হামলায় জড়িত গাফফার ও মুকুলের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানান পুঠিয়া থানার ওসি মীর্জা আবদুস সালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের গাফফারের বাগানে একই এলাকার মুকুল, মোফাজুলসহ কয়েকজন যুবক প্রতিদিনের মত জুয়া খেলতে শুরু করে। সন্ধ্যায় ইব্রাহীম তার কয়েকজন সহযোগীকে নিয়ে তাদের বাধা দিতে গেলে জুয়াড়িরা তাকে কুপিয়ে আহত করে।
গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
