২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে নিহত পোশাক শ্রমিকের লাশ দাফন

সাভারে বহুতল ভবন ধসে নিহত জামালপুরের এক পোশাক শ্রমিকের লাশ বৃহস্পতিবার দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জামালপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

ওই ভবন ধসের ঘটনায় সদর থানার একটি ইউনিয়নের ২৫ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় নিউ ওয়েভ গার্মেন্টসের কর্মী শাহিদার লাশ তার বাড়িতে আনা হয়। সদর উপজেলার চরপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তিনি।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।

সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। পাঁচ মাস আগে তার স্ত্রী নিউ ওয়েভ গার্মেন্টসে চাকরি নেয়।

সদরের শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী খান বলেন, ভবন ধসের ঘটনায় তার ইউনিয়নের ২৫ জনের সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে স্বজনরা জানিয়েছেন।