১৩ জেলার ৪০ রুটে বাস ধর্মঘট স্থগিত
গাড়ি ও দোকান ভাংচুরের প্রতিবাদে ১৩ জেলার ৪০টি রুটে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের এক জরুরি বৈঠকের পর রাত নয়টার দিকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
সাভারে বহুতল ভবন ধসে বহু পোশাক শ্রমিক হতাহত হওয়ার পর বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা বাস ভাংচুর, পরিবহন সমিতির অফিস ও সংলগ্ন মার্কেট ভাংচুর করলে এর প্রতিবাদে বৃহস্পতিবার এই ধর্মঘট ডাকা হয়।
বিকালে সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, মহাখালী ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা -ময়মনসিংহসহ উত্তরবঙ্গের ১৩ জেলার ৪০টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
রাতে বৈঠকে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুদ্দিন সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল সরকার, যুগ্ম সম্পাদক মো. আমজাদ হোসেন প্রমুখ।
