সাগরে নিখোঁজ বিদেশির লাশ উদ্ধার
ইনানী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ বিদেশি পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভুত যুক্তরাজ্যের নাগরিক ফাহিম শাহজাদ বুধবার সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়েছিলেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হিমছড়ি সেনা ক্যাম্প সংলগ্ন সমুদ্র পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ইনানী পুলিশ ফাঁড়ির এসআই মাশরুরুল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইফগার্ডদের সহায়তা নিয়ে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়ে হিমছড়ি এলাকায় লাশ পায়।
ফাহিম শাহজাদ ঢাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার স্ত্রী নূরজাহানকে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।
