হাতিয়ার ব্যবসায়ীকে হত্যা করে দোকান লুট
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বুধবার মধ্যরাতে এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার পর দোকান লুট করেছে দুর্বত্তরা।
নিহত বেলায়েত হোসেনের বাড়ি উপজেলার তমরুদ্দী ইউনিয়নের আঠারবেকি গ্রামে। তমরুদ্দী বাজারের ‘সলিমউল্লাহ মেডিকেল হল’ নামে একটি ওষুধের দোকান আছে তার।
এ ঘটনায় বাজারের পাহারাদারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
হাতিয়া থানার ওসি খোরশেদ আলম সাংবাদিকদের জানান, বেলায়েত বাজারের পুরনো ব্যবসায়ী হওয়ায় এলাকার লোকজন তার কাছে সোনাদানা ও টাকা রাখত।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১২টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লুঙ্গি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।
পরে দোকানের চাবি নিয়ে তালা খুলে সোনাদানা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় তমরুদ্দী বাজারের চার পাহারাদার ও সলিমউল্লাহ মেডিকেল হলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসবাদ চলছে।
