বিচারকদের বেতন বাড়াতে হবে ১৬ মের মধ্যে
সরকারের আবেদন নাকচ করে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধির আদেশ বাস্তবায়নে ১৬ মে পর্যন্ত সময় দিয়েছে আপিল বিভাগ।
এ মামলার শুনানিতে অ্যামিকাস কিউরি হিসাবে টিএইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ড. এম জহির, তৌফিক নেওয়াজ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও হাসান আরিফ বক্তব্য দেন।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “জেলা জজদের ৩০ ভাগ বেতন বাড়ানোর আবেদন থেকে আমরা অব্যাহতি চেয়েছিলাম। একইসঙ্গে আদালতের বাকি আদেশ বাস্তবায়নে আইন করতে আমরা আরেকটি আবেদন করেছিলাম। আমাদের উভয় আবেদন আদালত খারিজ করে দিয়েছে।”
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এক রায় দেয়।
মাসদার হোসেন মামলা নামে পরিচিত ওই মামলার রায়ে বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করতে বলা হয়।
বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে বেশ কিছু নির্দেশনাও দেয় সর্বোচ্চ আদালত।
রায়ে বলা হয়, জুডিশিয়াল পে-কমিশন বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রথম সুপারিশ না করবে, ততদিন পর্যন্ত বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এর মধ্যে অন্যদের বেতন বাড়লে বিচারকদের বেতনও বাড়বে।
ওই রায়ের আলোকে গঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০০৮ সালের ৩ এপ্রিল নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করে, যা ওই মাসেই সরকারের কাছে পাঠানো হয়।
সরকার এই সুপারিশ বাস্তবায়ন না করায় ২০০৯ সালে উচ্চ আদালত হস্তক্ষেপ করে। তবে পরে সুপারিশ বাস্তবায়নের জন্য অনেকবার সময়ও দেয় আদালত।
গত নভেম্বরে রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, সরকার আরো ২০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে শতকরা আরো ৩০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর সরকার একটি প্রস্তাব দেয়, যার কিছুটা পরিবর্তন করে বাস্তবায়ন করতে বলে আদালত।
কিন্তু বার বার সময় নিয়েও নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত পুনরায় বিষয়টি বিবেচনায় নেয়।
