২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহতদের জন্য রক্ত সংগ্রহ গণজাগরণ মঞ্চের

সাভারে বহুতল ভবন ধসে আহতদের জন্য শাহবাগে রক্ত সংগ্রহ করছে গণজাগরণ মঞ্চ। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সারা বাংলা হোক ব্লাড ব্যাংক’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবন ধসের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হন ছয় শতাধিক।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় চারটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়।

রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকা পড়ে আছেন। কংক্রিট কেটে বের করে আনার আগে তাদের জন্য পানির বোতল আর অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে শাহবাগে মঞ্চের মিডিয়া সেলে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এছাড়া সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটেও আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তদানের প্রচারণা চালানো হয়।

অনেকে টেলিফোন/মোবাইল ফোন নম্বর দিয়ে রক্তদানে আগ্রহীদের যোগাযোগের আহ্বান জানান।

বুধবার বিকেলে শাহবাগে দেখা যায়, গণজাগরণ মঞ্চের কর্মী ও স্বেচ্ছাসেবকরা সাধারণ পথচারীদের রক্ত প্রদানের জন্য আহ্বান জানাচ্ছেন। রক্ত দেয়ার জন্য অনেকেই মিডিয়া সেলের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

মঞ্চের সংগঠকরা জানান, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ রক্ত সংগ্রহ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। বিভিন্ন মহল থেকে সাড়া পাওয়ার পর শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলে কয়েকটি বুথে রক্ত সংগ্রহ করা হয়।

এতে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ডাক্তাররা অংশ নিচ্ছেন।

মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার তার ফেসবুক স্ট্যাটাসে রক্ত সংগ্রহের ঘোষণা দিয়ে লেখেন, ‘শাহবাগের আশপাশে রক্তদানে আগ্রহীরা দ্রুত চলে আসেন প্রজন্ম চত্ত্বরের মিডিয়া সেলে। মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ: ডা. উজ্জল- ০১৭১৭৬৪৩২০৫ ও ডা. সাগর ০১৯২৫১৫০২০৪।’

তিনি আরও লেখেন, ‘বারবার নিন্দা জানাতেও লজ্জিত বোধ করছি। তাই শুধু নিন্দা বা সমবেদনা নয়। জরুরী যে কাজটি করতে হবে তা হল- যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের বাঁচাতে হবে। আমাদের এক ব্যাগ রক্তই বাঁচাতে পারে একটি জীবন। রক্ত দিন, জীবন বাঁচান।’

মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখান থেকে সংগৃহীত রক্ত যে যে হাসপাতালে ভর্তি হওয়া আহতদের প্রয়োজন সেখানে পাঠানো হচ্ছে।

শুধু শাহবাগে সন্ধ্যা পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাগ রক্ত সংগৃহীত হয়েছে বলে জানান তিনি।

এদিকে সকালে পূবনির্ধারিত প্রচার সংযোগ কর্মসূচি চালান গণজাগরণ মঞ্চের সংগঠক ও কর্মীরা। শাহবাগের আশপাশে সীমাবদ্ধ ছিল এ প্রচারণা।