লক্ষ্মীপুরে আ.লীগ নেত্রীর গাড়িতে হামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গাড়িতে পিকেটারদের হামলায় ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া আক্তার শিউলি (৩৬) ও তার পরিবারের সদস্যরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে নোয়াপাড়া রংএর বাজারের কাছে এ হামলার শিকার হন।
এ সময় তাদেরকে বহনকারী সিএনজি অটোরিকশাটি জামায়াত-শিবির ও বিএনপির পিকেটাররা ভাংচুর করলে তার স্বামী উপজেলা কৃষকলীগের আহবায়ক আবুল কাসেম (৪৫), তাদের চার সন্তান- দশম শ্রেণির ছাত্রী আয়েশা বিনতে কাসেম কান্তা (১৪), সপ্তম শ্রেণির ছাত্র সামছুদ্দিন বিন কাসেম জয় (১৩), পঞ্চম শ্রেণির ছাত্র সামস বিন কাসেম (১১), বিবিএর ছাত্র সৌরভ বিন কাসেমসহ (২০) ছয়জন আহত হয়।
আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি মঞ্জুরুল করিম আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ ঘটনায় জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও লক্ষ্মীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা এক বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
