কুড়িগ্রামে থানায় ছাত্রলীগের হামলার অভিযোগ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় বুধবার ছাত্রলীগকর্মীদের হামলায় চার পুলিশ আহত হওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, বুধবার এ হামলার সময় ওসির কক্ষসহ থানার একাধিক স্থানে ভাংচুর করা হয়। এসআই ফারুক, এসআই আতাউর রহমান সুমনসহ হামলায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে ছাত্রলীগ থানায় হামলার অভিযোগ অস্বীকার করেছে।
আহত এসআই আতাউর রহমান সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার উপজেলা পরিষদের উদ্যোগে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণের সময় বিশৃঙ্খলা শুরু হলে পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনার জের ধরেই ছাত্রলীগ এ হামলা করে।
তিনি বলেন, হামলাকারীদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, হামিদুল, জনি, সফিকুল, মামুন ও বুলুসহ আরো কয়েকজন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত এসআই ফারুকের মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ঘটনাস্থলে পরিদর্শনে এসে কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু বলেন, থানায় ভাংচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বলেন, সকালে এসআই সুমন দলীয় কার্যালয়ের সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ খবর পেয়ে ছাত্রলীগের কিছু বিক্ষুব্ধ কর্মী থানায় গেলে তাদের লাঠিপেটা করে এসআই সুমন ও এসআই ফারুক হোসেন।
তখন দুপক্ষের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হলেও পুলিশের উপর হামলার কথা অস্বীকার করেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক বলেন, সোমবারের দুম্বার মাংস নিয়ে উত্তেজনা সৃষ্টির বিষয়ে কথা বলতে গেলে পুলিশই তাদের উপর হামলা চালায়। তারা শুরু আত্মরক্ষা করতে ধস্তাধস্তি করেছেন।
পরে পুলিশ নিজেরাই ভাংচুর করে তাদের উপর দোষ চাপাচ্ছে, বলেন তিনি।
