চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার হরতাল
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিন কিশোর নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি সফিক এনায়েতুল্লাহ বুধবার বিকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় হরতালের ডাক দেয়া হয়েছে।
বুধবার সকালে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আজগর আলী লিমন (১৪) নিহত হন।
সে শহরের উপর-রাজারামপুর মহল্লার লোকমান হোসেনের ছেলে এবং হামিদউল্লাহ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ইসলামী ছাত্র শিবির লিমনকে নিজেদের কর্মী বলে দাবি করে।
পুলিশ সুপার বশির আহমেদ বলেন, লিমন কীভাবে মারা গেছে তা এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
