২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির মিছিল ছত্রভঙ্গ

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীতে বিএনপির একটি মিছিল ছাত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 04:36 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকালে ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে দড়ি খরবোনা এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি মালোপাড়া হয়ে বাটার মোড়ে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ক্ষুব্ধ বিএনপি কর্মীরা এ সময় নিউ মার্কেটের সামনে একটি অটোরিকশা ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অটোরিকশা চালক আহত হন।

মোসাদ্দেক হোসেন বুলবুল দাবি করেন, পুলিশের হামলায় তাদের তিন কর্মী আহত হয়েছে।

মহানগর মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, "মিছিল থেকে নাশকতা চালানো হতে পারে এমন খবরের ভিত্তিতে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।”

এদিকে মহানগর ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধানের দাবিতে শিবিরের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে বুধবার ভোরে সাধুর মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। তবে পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।