২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঢিলেঢালা হরতাল

বিরোধীদলীয় জোটের দুই দিনের হরতালের দ্বিতীয় দিন সকালে সিলেটে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হয়েছে। তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 04:36 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকাল সাড়ে ৭টায় নগরীর বন্দরবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে মহানগর বিএনপি।

এরপর সকাল পৌনে ৮টার দিকে নগরীর জিন্দাবাজারে হরতালের সমর্থনে পৃথক দুটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

নয়টায় কোর্টপয়েন্ট এলাকা থেকে বিএনপির একটি মিছিল বের হয়, যা জিন্দাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

সকাল সোয়া ৯টার শাহী ঈদগাহ এলাকায় জামায়াত-শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। তারা টায়ার জ্বালিয়ে টিলাগড়-আম্বারখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না।

সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান,  “হরতালে বিশৃঙ্খলার কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি।”

নগরীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।