স্কুলছাত্রীর মৃত্যুর পর উত্তেজনা পীরগাছায়
কৃমিনাশক ওষুধ খাওয়ার পর এক স্কুলছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুরের পীরগাছায় উত্তেজনা দেখা দিয়েছে।
মৃত্যুর জন্য কৃমিনাশক ওষুধ খাওয়ানোকে দায়ী করে অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কৃমিনাশকওষুধ মৃত্যুর কারণ হতে পারে না।
ওই শিক্ষার্থীর মৃত্যুর অন্য কোনো কারণ থাকতে পারে বলে মনে করছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদৎ হোসেন। ওই কারণ খুঁজে বের করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পীরগাছায় পাঠানো হয়েছে।
মারা যাওয়া শিশু শাহিনুর বেগম (৯) পীরগাছার ছাওলা ইউনিয়নের চরজুয়ান গ্রামের শাহ আলমের মেয়ে। সে চরজুয়ান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এতে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী, তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়, সন্ধ্যায় শাহিনুরের মৃত্যু হয়।
বর্তমানে চারজন শিক্ষার্থী স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন জানিয়ে পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
চিকিৎসাধীনরা হলেন- জেসমিন আক্তার (৯), রুবিনা বেগম (৯), নুরজাহান (৯) ও সেলিনা বেগম (১০)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য কৃমিনাশক ট্যাবলেট দিয়ে যায়। পরে সেগুলো দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খাওয়ানো হয়।
“কিছু¶ণ পর ২০-২৫ জন শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায় এবং বমি করতে থাকে। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”
সন্ধ্যায় শাহিনুরের মৃত্যুর পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে তারা প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়।
ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন রাত ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করে রেখেছেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা পুলিশ নিয়ে সেখানে অবস্থান করছেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা এ কে এম সারোয়ার জাহান বলেন, তিনি অভিভাবকদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃমিনাশক ট্যাবলেট খেয়ে কেউ মারা যায় না। তার মৃত্যু অন্য কোনো কারণ থাকতে পারে।”
সে কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে পীরগাছা থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তির অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শাহিনুরের লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।
গত মাসে ভিটমিন ‘এ’ ক্যাপসুলের সঙ্গে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর শিশুমৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে আশ্বস্ত করে, ভিটামিন ‘এ’ বা কৃমিনাশক ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি এবং এর কোনো কারণও নেই।
