সিরাজগঞ্জে বৈশাখী মেলায় সংঘর্ষ
সিরাজগঞ্জ শহরে বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার দুপুরে মতিলাল মাঠে প্রশাসনের অনুমতি বিহীন এক মেলায় দুই মহল্লার যুবকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলায় যাত্রার টিকিট ক্রয়কে কেন্দ্র করে ভাঙ্গাবাড়ি ও দিয়ারধানগড়ার যুবকদের মধ্যে দফায় দফায় বসতবাড়ি ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান, দুই মহল্লার সংঘর্ষ নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, যুবকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হলেও প্রশাসন থেকে ওই মেলা করার জন্য কোন অনুমতি নেয়া হয়নি।
