২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেদিনীপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চোরাই পথে ভারতীয় গরু আনতে গিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

আহত আবু তালেব (৩৩) জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের দরুদ আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আব্দুল খবীর সরকার জানান, আবু তালেব ও আরো কয়েকজন গরু ব্যবসায়ী মঙ্গলবার দুপুরে ভারতীয় গরু আনতে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে আবু তালেব অাহত হন।

তিনি জীবননগর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা  নিচ্ছেন বলে জানান এই বিজিবি কর্মকর্তা। তবে তার অবস্থা আশংকাজনক নয়।

লে. কর্ণেল আব্দুল খবীর সরকার আরো বলেন, অবৈধপথে কিছুদিন আগেও ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছিলেন গরু ব্যবসায়ী আবু তালেব।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে আবু তালেব জীবননগর হাসপাতালে ভর্তি হয়। তার মুখের চোয়ালের বাম দিকে ক্ষত চিহ্ন আছে। তার পিঠেও একই ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়।