ফেনীতে হাতবোমা বিস্ফোরণ, আটক ৬
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথমদিনে ফেনীতে হরতাল সমর্থকরা হাতবোমার বিস্ফোরণ, টায়ারে অগ্নিসংযোগ করেছে।
এছাড়া মঙ্গলবার হরতাল শুরুর আগেই পুলিশ ছয়জনকে আটক করে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুপুর ১২টার দিকে শহরের হাসপাতাল মোড়ে হরতাল সমর্থকরা দু’টি হাতবোমা বিস্ফোরণ ও ট্রাংক রোডের বড় মসজিদের সামনে কয়েকটি পটকা ফাটায়।
এর আগে ভোরে হরতালকারীরা শহরের একাডেমী এলাকায় কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করে।
সকাল থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম ও জাসাস হরতালের সমর্থনে শহরে আলাদা আলাদা মিছিল করে।
হরতাল শুরুর আগে ভোরে ফেনী মডেল থানা পুলিশ দুইজন, ফুলগাজী থানা পুলিশ তিন জন ও ছাগলনাইয়া থানা পুলিশ একজনকে আটক করেছে বলে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
এদিকে দুপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল করিমের নেতৃত্বে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশের পাশাপাশি র্যাব ও পুলিশের স্পেশাল বাহিনী ‘কোবরা’ মোতায়েন রয়েছে।
হরতালে অফিস-আদালত খোলা আছে। শহরে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ হালকা যান চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
