২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকার নির্দেশের পর বাবাকে গুলি করে পাক সেনারা’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ২৮তম সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চট্টগ্রামের রাউজানের বাসিন্দা পরিতোষ পালিত তার বাবা সতীশ চন্দ্র পালিতকে খুনের ঘটনায় সালাউদ্দিন কাদের চৌধুরীর সংশ্লিষ্টতার বর্ণনা দেন।

আদালতে তিনি বলেন, ওই বছর ১৪ এপ্রিল সাকার নির্দেশে সতীশ চন্দ্রকে পেছন থেকে পর পর দুটি গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী।

সাক্ষ্য শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা পরিতোষকে জেরা করেন। মধ্যাহ্ন বিরতির আগে তিনি জেরার জন্য আরো একদিন সময় প্রার্থনা করেন।

মঙ্গলবার দুপুরে জেরার জন্য একঘণ্টা সময় বরাদ্দ দিয়ে শুনানি মুলতবি করেন বিচারক এটিএম ফজলে কবির।

বর্তমানে চট্টগ্রামের রাউজান উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিতোষ পালিত তার সাক্ষ্যে বলেন, একাত্তর সালে তার বয়স ছিলো ২৬ বা ২৭ বছর। রাউজান থানার একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি।

“এপ্রিলের ১০-১১ তারিখে ভাইয়েরাসহ পরিবারের তিন-চারজন পিসেমশাই ক্ষেত্রমোহন সাহার বাড়িতে আশ্রয় নিই। কুণ্ডেশ্বরীর অধ্যক্ষ মারা যাওয়ার পর বাবার অবস্থা দেখার জন্য ১৪ এপ্রিল বাড়ি ফিরে যাই।”

তিনি আরো বলেন, ওইদিন আর্মিসহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তাদের বাড়ির দিকে আসতে দেখে তিনি একটি ঝোপের ভিতর গিয়ে লুকান।

“সেখান থেকে দেখি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব আমাদের বাড়ির পুকুরের পাড়ে গাছের নিচে দাঁড়িয়ে আছেন এবং পাঞ্জাবি সৈন্যরা আমাদের উঠোনে এসে আমার বাবার সঙ্গে কথা কাটাকাটি করছে। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব পাকিস্তানি সেনাদের বলেন, ওই লোকটা ডেঞ্জারাস, তাকে মেরে ফেলুন।”

“এরপরে পাকিস্তানি সৈন্যরা আমার বাবাকে ঘরের ভিতরে যেতে বলে। বাবা যেই মাত্র পিছন ফিরে ঘরে ঢোকার জন্য যাচ্ছিলেন, তখন পাকিস্তানি সেনারা আমার বাবাকে মাথার পিছন দিকে পরপর দুটি গুলি করে। গুলি করার পর আমার বাবা মাটিতে লুটিয়ে পড়েন।”

পাকিস্তানি সৈন্যরা ঘরের ভেতর থেকে লেপ-তোষক নিয়ে এসে মৃতদেহের ওপর ফেলে আগুন ধরিয়ে দেয় এবং এরপর বাড়িঘরের ওপর ‘রাসায়নিক পাউডার’ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে সাক্ষ্যে জানান পরিতোষ।

একদিন পর আমার মেঝ ভাই গিয়ে আমার বাবার পোড়া হাড়-অস্থি এইসব নিয়ে আসে। এরপর দেশে থাকা নিরাপদ নয় বিধায় আমরা ভারতে চলে যাই।”