অভিযোগ ‘পায়নি’ চবি প্রশাসন
ছাত্রলীগের বাধায় শেখ হাসিনা হলসহ কয়েকটি ভবনের নির্মাণ কাজ বন্ধের অভিযোগ নির্মাণকারী প্রতিষ্ঠান করলেও তা না পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রলীগ নেতারা এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা ‘অপপ্রচারের’ শিকার।
ছাত্রলীগ শনিবার রাতে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল অভিযোগ করে। এই নির্মাণ কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সুভাষ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের চাঁদা দাবি ও আমাদের কর্মচারীদের মারধরের বিষয়টি কুরিয়ার সার্ভিসে পাঠানো চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ সোমবার পর্যন্ত পাওয়া যায়নি বলে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লা জানিয়েছেন।
সুভাষ দাশ বলেন, সোমবার ভোরেও নির্মাণ সামগ্রী নিয়ে তাদের একটি ট্রাক বিশ্ববিদ্যালয়ে ঢুকলে এর চালককে মারধর করে ছাত্রলীগ।
নির্মাণ কাজ বন্ধের পর সোমবার দুপুরে ক্যাম্পাসে যান সেনাবাহিনীর প্রকৌশলী মেজর সেলিম মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাঁচামাল নিয়ে প্রশ্ন ওঠার কোনো সূযোগ নেই। সব ধরনের সিমেন্ট, বালি, ইট ব্যবহার করার আগে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”
ছাত্রলীগ নেতারা রোববার জানান, নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় এক দল সাধারণ ছাত্র কাজ বন্ধ করে দেয়।
মেজর সেলিম বলেছেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে তার আলোচনা হয়েছে।
চাঁদা চেয়ে নির্মাণ কাজ বন্ধের সংবাদের প্রতিবাদ জানিয়ে সোমবার ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের চবি শাখার নেতারা।
চবি ছাত্রলীগ সভাপতি মামুনুল হক বলেন, “ছাত্রলীগের চাঁদা চাওয়ার কারণে নির্মাণ কাজ বন্ধের বিষয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক।”
ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর কোনো ধরনের চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে; যে প্রতিষ্ঠানটির মালিক ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখারই সাবেক সভাপতি শাজাহান চৌধুরী।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীসহ অন্য নেতারাও সংবাদ সম্মেলনে ছিলেন।
