সেপটিক ট্যাঙ্কে পড়ে শ্রমিকের মৃত্যু
ফেনী সদরে সোমবার সন্ধ্যায় সেপটিক ট্যাঙ্কে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত মোজাম্মেল হক রাসেল (২৫) সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ডোমরা গ্রামের আবু হোসেনের ছেলে।
ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, রাসেলসহ কয়েকজন শ্রমিক পৌর এলাকার শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন।
এ সময় রাসেল ট্যাংকের ভেতর পড়ে গেলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে রাসেলের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
