ব্লগারদের মামলা জজ আদালতে
গ্রেপ্তার চার ব্লগারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের মামলার বিচার কাজ চলবে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে।
দায়রা জজ আদালতের কর্মকর্তা মো. নুরুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্লগারদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা দুটি মুখ্য মহানগর হাকিম আদালত থেকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ মামলায় ব্লগারদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন রাখবেন।
ইন্টারনেটে লেখালেখিতে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত হানার অভিযোগে এ মাসের শুরুর দিকে ব্লগার আসিফ মহীউদ্দিন, সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দেয় পুলিশ। সেদিন চার ব্লগারের জামিন আবেদন নাকচ করেন মহানগর হাকিম।
গণজাগরণ আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের দাবির মধ্যে ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
