গাড়িতে আগুনের উদ্দেশ্য বৈরী পরিবেশ সৃষ্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
হরতালের নামে সংঘাত সৃষ্টি করলে তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহতের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “হরতাল সফল করার নামে বৈরী পরিবেশ সৃষ্টি করে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।”
আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে মঙ্গল ও বুধবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। হরতালের আগের দিন সন্ধ্যা পর্যন্ত ঢাকায় অন্তত সাতটি গাড়িতে আগুন দেওয়া হয়।
গাড়িতে আগুন যারা দিচ্ছে এবং তাদের যারা মদদ দিচ্ছে সবাইকে গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
‘বেআইনি হরতালের মোড়কে গোষ্ঠীবিশেষ সংঘাত সৃষ্টি করলে’ তাদের ‘সর্বশক্তি’ দিয়ে দমনের হুঁশিয়ারিও দেন তিনি।
মহীউদ্দীন খান বলেন, নৈতিক অধিকারের পরিপন্থী হরতাল জনগণ প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমাজে যারা খুনি--দূর্বৃত্ত তাদের রক্ষার চেয়ে প্রধান দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া।
“এ নিয়ে সচেতনভাবে তারা প্রতিবেদন দিতে পারেনি।”
