২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মুক্তিযোদ্ধাকে হত্যা: ৮ জনের যাবজ্জীবন

মুক্তিযোদ্ধা সফি উল্লাহ হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনমাস করে কারাভোগ করতে হবে।

সোমবার অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ হারুনুর রশিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সেলিম (২৫), বাচ্চু মিয়া (২২), মো. ফারুক (২১), মোশারফ হোসেন রুবেল (২১), আনোয়ার হোসেন সুমন (১৮), নাসির উদ্দিন (২৫), জামশেদ আলম কিরণ (২২) ও মো. ইসমাইল (২১)।

এদের মধ্যে মো. সেলিম ও বাচ্চু মিয়া ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক সাংবাদিকদের বলেন, সোনাগাজী উপজেলার চর ডুব্বা ইউনিয়নের আহম্মদপুর গ্রামের হাবিব উল্লাহর ছেলে মুক্তিযোদ্ধা সফি উল্লাহ চাঁদাবাজদের চাপাচাপিতে অতিষ্ট হয়ে পরিবার নিয়ে ফেনী শহরে বসবাস করে আসছিলেন।

২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি ফেনী থেকে তিনি সোনাগাজীর আহম্মদপুর মনু মিয়ার বাজারে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। 

ওইদিনই সফি উল্লাহর স্ত্রী বিবি খোদেজা বাদী হয়ে সোনাগাজী থানায় আটজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।