পানির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
পানি সরবরাহসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও পৌরসভা কার্যালয় ঘেরাও করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর বাসিন্দারা।
অন্য দাবিগুলো হল রাস্তাঘাট সংস্কার, মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পৌর এলাকার ড্রেনসহ রাস্তাঘাট পরিষ্কার এবং সড়কের দুপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।
সকালে শহরের সাটুহলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পৌর কার্যালয় ঘেরাও করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
গত দুবছর যাবত পৌরসভার কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার পানি সরবরাহে এতটাই নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে প্রতিনিয়ত পৌরবাসীকে পানির জন্য হাহাকার করতে হচ্ছে।
বক্তব্য দেন নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, সদস্য সচিব মো. তৌহিদুর রহমান প্রমুখ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, সাত হাজার ৭৪৩টি বাড়িতে পানির দৈনিক চাহিদা ৩৬ লাখ গ্যালন। এর বিপরীতে তারা সরবরাহ করছেন ৩১ লাখ গ্যালন।
সম্প্রতি তিনটি পাম্প বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো বসানোর কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে, বলেন তিনি।
