রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রিটের জন্য বৃহত্তর বেঞ্চের আবেদন
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে করা রিট আবেদনটি বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য আবেদন করেছেন বাদী ইউনুস আলী আকন্দ।
সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না এবং ওই অনুচ্ছেদ বাতিল করতে কেন বিবাদীদেরকে নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে দুটি রুল চাওয়া হয় ইউনুসের আবেদনে।
আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ বিষয়ক সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদী করা হয়।
এই আইনজীবী রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চাইলেও নির্বাচন কমিশন সোমবার আব্দুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করায় ওই আবেদন কার্যত অকার্যকর হয়ে পড়ে। এর মধ্যেই বৃহত্তর বেঞ্চ গঠনের এই আবেদন জানালেন ইউনুস আলী।
আবেদন করার পর বাদী বলেন, “বিষয়টির গুরুত্ব বিবেচনায় বৃহত্তর বেঞ্চ গঠনের আবেদন করেছি।”
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।
ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই অনুচ্ছেদ থাকায় কোনো সংসদ সদস্য দলীয় পছন্দের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। সাধারণত ভোট হয় গোপন ব্যালটে। কিন্তু এখানে ব্যালটে সংসদ সদস্যের নাম, পরিচয় ও কাকে ভোট দিচ্ছেন সেটা লিখতে হয়। এতে ভোটদাতাদের যে কোনো সময় চিহ্নিত করা যায়। ফলে স্বাধীনভাবে ভোট দেয়ার কোনো সুযোগ নেই।
“১৯৯১ সালের আইন অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন সংসদ সদস্যকে প্রস্তাব করতে হয়, আরেকজনকে সমর্থন করতে হয়। দলীয় আনুগত্যের বাধ্যবাধকতার কারণে অনেক যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন না, যা দেশের মানুষের মৌলিক অধিকারের লংঘন।”
৭০ অনুচ্ছেদকে সংবিধানের ৭(১), ১৯(১), ২৬, ২৭, ৩১ ও ১১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়েছে তার রিট আবেদনে।
