২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ ফেব্রুয়ারি থেকে রেলে ১২৯টি নাশকতা

রেলে ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ১২৯টি নাশকতার ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

সংসদ সদস্য নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রীমন্ত্রী বলেন, “২০১৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে মোট ৩৫টি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ১২৯টি নাশকতামূলক ঘটনা সংঘটিত হয়েছে।”

মন্ত্রী জানান, রেল লাইনের ত্রুটি, ইঞ্জিন ও বগির যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা বিধি অমান্য করা, প্রাকৃতিক দুর্যোগ এবং সড়কযানের চালক কর্তৃক বিধি ভঙ্গ করে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করার কারণেও দুর্ঘটনা ঘটে থাকে।

আরেক সংসদ সদস্য সাধনা হালদারের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত রেলে যাত্রীদের মালামাল সংক্রান্ত তিনটি এবং চলন্ত ট্রেন থেকে যাত্রী ফেলে দেয়ার একটি ঘটনা ঘটেছে।

সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, “সাম্প্রতিক সময়ে রেলে ডাকাতি, ছিনতাই ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে। যার ফলে প্রধানত ট্রেনের ছাদে ভ্রমনকারীদের টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটলেও যাত্রীসংখ্যার উপর এর কোনো নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়নি।”

বিএনপির সাংসদ নাজিম উদ্দিন আহমেদের উত্থাপিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, “বাংলাদেশ রেলওয়েতে মোট ১৮ হাজার ৩১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৩৮টি প্রকল্প এবং ৫ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১১টি সংশোধিত অনুমোদিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ চলমান আছে।”