২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের অপসারণ দাবিতে রোকেয়ার শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিচার ও উপাচার্যের অপসারণের দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

রোববার বিকালে রংপুর শহরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা এসব দাবি জানান।

একই দাবিতে সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

বিকাল সাড়ে ৫টায় ‘সচেতন শিক্ষক-শিক্ষর্থী ও কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে’ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুই কিলোমিটার হেঁটে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হন বিক্ষুব্ধরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসদ, বাসদ, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে গত শনিবার সকালে ‘দুর্নীতি বিরোধী মঞ্চ’ ব্যানারে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা দিয়ে সমাবেশ শুরু করে। বেলা ১১টার দিকে তারা উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এরপর তারা লাঠিপেটা শুরু করে। এতে পাঁচ শিক্ষক-কর্মকর্তাসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর দুপুরে সিন্ডিকেটের জরুরি বৈঠকে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বৈঠকে ছয় শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়।

এদিকে ছাত্র-শিক্ষক-কর্মচারী-কর্মকর্তাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শনিবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছয় সহকারী প্রক্টর।