২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচারকদের বেতন বাড়াতে আইন দরকার নেই’

নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধির আদেশ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে এর জন্য আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলা হলেও তাতে দ্বিমত জানিয়েছেন তিন আদালতবন্ধু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে এসংক্রান্ত মামলার শুনানিতে এমত দেন কামাল হোসেন, রফিক-উল হক ও হাসান আরিফ।

অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ পাওয়া আট আইনজ্ঞের পাশাপাশি নিম্ন আদালতের বিপুল সংখ্যক বিচারক ও সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীদের উপস্থিতিতে প্রায় পরিপূর্ণ ছিল উচ্চ আদালতের সর্ববৃহৎ বিচার কক্ষ।

সকালে শুনানির পর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দাঁড়িয়ে একটি আবেদন উপস্থাপন করতে চাইলে প্রধান বিচারপতি বলেন, “আবেদন দেখে কী হবে? আমরা তো শুনেই যাচ্ছি। কিন্তু আপনি প্রতিদিন আপনার সুবিধামতো একটি আবেদন নিয়ে আসবেন, এটা তো হবে না।”

এরপর অবশ্য তাকে আবেদন উপস্থাপনের অনুমতি দেন প্রধান বিচারপতি। তবে সঙ্গে পরামর্শ দেন- “লিগ্যাল সাবমিশন রাখেন, ইতিহাস শোনানোর দরকার নাই।”

অ্যাটর্নি জেনারেল সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ উদ্ধৃত করে বলেন, সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মে কর্মচারীদের নিয়োগ ও কর্মে শর্তাবলী নির্ধারণ করতে পারেন। তাই বিচারকদের বেতন-ভাতা বাড়াতে সংসদ আইন প্রণয়ন করতে পারে।

তখন বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া বলেন, এই সাবমিশন করার আগে মাসদার হোসেন মামলার রায় পড়ে এসেছেন? এটা তো বিচার বিভাগের জন্য প্রযোজ্য নয়। মাসদার হোসেন মামলার রায়ে এটা নির্ধারিত হয়ে আছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, কিন্তু তারাও তো প্রজাতন্ত্রের কর্মচারী।

এর জবাবে বিচারপতি ওয়াহহাব মিয়া বলেন, “কেন আপনারা বারবার সিভিল প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের তুলনা করেন? তারা তো পদ না থাকলেও পোস্টিং পান। বছরে ৬ বার বিদেশ সফরে যেতে পারেন। মিটিং করে বিল নেন। এদের তো এসব সুবিধা নাই।”

প্রধান বিচারপতিও বলেন, “আপনারা পদ না থাকলেও পদোন্নতি দিতে পারেন, সিনিয়র সচিব হয়।”

অ্যাটর্নি জেনারেল বলেন, রায় বাস্তবায়নে সরকারের কোনো আপত্তি নেই। সরকার এটা খুব করে বাস্তবায়ন করতে চায়। কিন্তু এর জন্য আইন করাই ভালো।

বিচারপতি ওয়াহহাব মিয়া বলেন, “কেন আইন করতে হবে? এসআরও করে দেন, তাহলেই তো হলো। আপনি সরকারকে যথাযথভাবে অ্যাডভাইস করেন। এসআরও করে বলে দেবেন, আপিল বিভাগের নির্দেশমতো এটা করা হলো। শিপিং রুলস এভাবে হয়েছে। আমরা বলে দিয়েছি- তারা এটা বলে করে দিয়েছে।”

একথা বলে এই বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে শিপিং রুলস দেখতে দেন।

এসময় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, সংবিধানই বিচারিক কর্মকর্তাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে। তাই ১৩৩ অনুচ্ছেদ বিচারিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে না। বিচারিক কর্মকর্তারা তো সরকারকে সাহায্য করছে। তাদের বেতন-ভাতা বাড়াতে আপনাদের এত সমস্যা কেন?

“আমরা চাই, প্রতিভাবান মানুষ বিচার বিভাগে আসুক। তাদেরকে যদি ইনসেনটিভ (প্রণোদনা) না দেন তাহলে (তারা) কীভাবে আসবে?

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “কিন্তু সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ তো আমি উপেক্ষা করতে পারি না।”

এসময় প্রধান বিচারপতি বলেন, আপনি ‘অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ’, ‘অব বাংলাদেশ’ নন। তাই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে সরকারকে যথাযথভাবে অ্যাডভাইস করবেন। কোর্টকেও সেভাবে অ্যাড্রেস করবেন।

“সংবিধানের মূল কাঠামো নিয়ে তো বড় বড় কথা বলেন। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের গুরুত্বপূর্ণ মৌল কাঠামো।”

আদালতে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, বিচার বিভাগ স্বাধীন হয়েছে ঠিকই। কিন্তু এর সঙ্গে অর্থ ওতপ্রোতভাবে জড়িত। অর্থনৈতিকভাবে স্বাধীন না হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কীভাবে?

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে প্রধান বিচারপতির হাতে বিচার বিভাগের বাজেট প্রণয়নের ক্ষমতা দিতে হবে।

অ্যামিকাস কিউরিয়া হিসাবে দেয়া বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ১৯২৬ সালে শেরে বাংলা একে ফজলুল হক বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা আজো শেষ হয়নি।

“কাগজে-কলমে হয়তো অনেক কিছু হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে বাস্তবায়ন না হলে তো হবে না। কেউ আদালতের আদেশ বাস্তবায়ন না করলে আদালত অবমাননার রুল ইস্যু করা উচিত।”

সিভিল সার্ভিসকে জুডিসিয়াল সার্ভিসের সাদৃশ্য ধরা যেতে পারে না, বলেন তিনি।

এক পর্যায়ে বিচারপতি মো. ইমান আলী বলেন, “আপনি পিটিশনটা দেখেছেন? এখানে বলা আছে, সরকার অর্থনৈতিক সংকটের কারণে এটা বাস্তবায়ন করতে পারছে না।”

ড. কামাল বলেন, স্বাধীনভাবে কাজ করতে হলে বিচার বিভাগের ‘প্রোটেকশন’ প্রয়োজন। এক্ষেত্রে সরকারের যুক্তি একটি ‘সৃষ্টিশীল কল্পনা’।

আদালতের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, আদালত আদেশ দেয়ার পর তা সংসদে যেতে পারে না।

একই মত ব্যক্ত করেন ব্যারিস্টার রফিক-উল হকও। তিনি বলেন, আদালতের আদেশ সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তো যে কোনো রায়ই বাস্তবায়নের আগে সংসদে পাঠানো হবে।

এ সময় বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, তাদের আপত্তি তো জেলা জজদের বিষয়ে। এটা পেলে জেলা জজদের বেতন সচিবদের চেয়ে বেশি হয়ে যাবে। বাকিটা তো তারা গ্রহণ করেছে।

তৃতীয় অ্যামিকাস কিউরিয়া হিসাবে দেয়া বক্তব্যে হাসান আরিফও ‘আদালতের আদেশ সংসদে যেতে পারে না’ বলে মত দেন ।

তিন আদালত বন্ধুর বক্তব্য শুনানি শেষে আদালত সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। আদালত আবার শুরু হলে বাকি অ্যামিকাস কিউরি একে একে বক্তব্য দেবেন।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এক রায় দেয়।

মাসদার হোসেন মামলা নামে পরিচিত ওই মামলার রায়ে ওই রায়ে বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা করে।

বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে বেশ কিছু নির্দেশনাও দেয় সর্বোচ্চ আদালত।

ওই রায়ে বলা হয়, জুডিশিয়াল পে-কমিশন বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রথম সুপারিশ না করবে, ততদিন পর্যন্ত বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এর মধ্যে অন্যদের বেতন বাড়লে বিচারকদের বেতনও বাড়বে।

ওই রায়ের আলোকে গঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০০৮ সালের ৩ এপ্রিল নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করে, যা ওই মাসেই সরকারের কাছে পাঠানো হয়।

সরকার এই সুপারিশ বাস্তবায়ন না করায় ২০০৯ সালে উচ্চ আদালত হস্তক্ষেপ করে। তবে পরে সুপারিশ বাস্তবায়নের জন্য অনেকবার সময়ও দেয় আদালত।

গত নভেম্বরে রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, সরকার আরো ২০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শতকরা আরো ৩০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর সরকার একটি প্রস্তাব দেয়, যার কিছুটা পরিবর্তন করে বাস্তবায়ন করতে বলে আদালত।

কিন্তু বার বার সময় নিয়েও নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত পুনরায় বিষয়টি বিবেচনায় নেয়। 

এর আগে গত মঙ্গলবার এই মামলার সর্বশেষ শুনানিতে এ বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে আদালত। ওইদিন উন্মুক্ত আদালতে প্রধান বিচারপতি বলেন, রোববার এ বিষয়ে আদেশ দেবেন।

পরে ওইদিনের লিখিত আদেশে আট অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হয়। তিন জনের বক্তব্য শোনার পর বাকি যারা বক্তব্য দেবেন, তারা হলেন- টিএইচ খান, এম জহির, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও তৌফিক নেওয়াজ।